সরকার অতীতের মতো ‘দলকানা’ বা রাজনৈতিক পরিচয়নির্ভর কর্মকর্তাদের আর দেখতে চায় না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি কর্মকর্তাদের কেবল পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে; এখানে বিশেষ আনুকূল্যের কোনো সুযোগ নেই। পারফরম্যান্সই হবে মূল্যায়নের একমাত্র মানদণ্ড।
শনিবার (২১ ফেব্রুয়ারি) যশোরে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জবাবদিহির মধ্যে কাজের নির্দেশ
প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে সবাইকে জবাবদিহির মধ্য দিয়ে কাজ করতে হবে এবং সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। অসৎ উদ্দেশ্য থাকলে সমস্যা তৈরি হবে বলেও সতর্ক করেন তিনি।
দপ্তর প্রধানদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যশোরের হয়ে আমার কাছ থেকে কাজ আদায় করে নেন, আমি আপনাদের হয়ে মন্ত্রণালয়ে দৌড়াবো।” অতীতে জনগণের সঙ্গে সংযোগহীনভাবে কাজ হওয়ায় কাঙ্ক্ষিত সুফল মেলেনি বলেও মন্তব্য করেন তিনি।
উন্নয়ন পরিকল্পনায় হাসপাতাল, ফায়ার স্টেশন, হিমাগার
প্রতিমন্ত্রী যশোর শিশু হাসপাতালের এনআইসিইউ ও করোনারি কেয়ার ইউনিট চালু, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল বাস্তবায়ন, বিসিক ঝুমঝুমপুর এলাকায় ফায়ার ব্রিগেড সাব-স্টেশন স্থাপন এবং বিশেষায়িত হিমাগার নির্মাণের বিষয়ে অগ্রাধিকারের কথা জানান।
এছাড়া ভবদহসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং খাল খননের বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মুক্তেশ্বরী নদ দখল: কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, মুক্তেশ্বরী নদ-এর জায়গা দখল করে প্লট আকারে বিক্রি করা হয়েছে। অতীতে সরকারি দলে থাকা ব্যক্তিরাই এসব অপকর্মে জড়িত ছিল বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে তার রাজনৈতিক দলের কেউ এমন কাজে জড়িত থাকলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। “জনগণের সম্পদ আর গ্রাস হতে দেওয়া হবে না,”—জোর দিয়ে বলেন প্রতিমন্ত্রী।
ফুটপাত উচ্ছেদে মানবিক দৃষ্টিভঙ্গি
মাহে রমজানের প্রথম দিনে পৌর এলাকায় উচ্ছেদ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত সরকারকে মানবিক হতে হবে। ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে, তবে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে।
মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত যশোরের অঙ্গীকার
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পুনরায় মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ যশোর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর এনএসআইয়ের যুগ্ম-পরিচালক আবু তাহের পারভেজ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।


