নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনে গতি ও কার্যকারিতা বাড়াতে এখন থেকে শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরকারি কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার এ উদ্যোগ নেন।
সরকারি সূত্রে জানা গেছে, সপ্তাহে ছয়দিন অফিস করার এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনিক কাজের জট কমানো এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী।
দায়িত্ব গ্রহণের পর তিনি সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। এ সিদ্ধান্ত ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। জনসম্পদের সাশ্রয় ও স্বচ্ছতা নিশ্চিতের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এছাড়া মন্ত্রীদের অপ্রয়োজনীয় ও বাহুল্য ব্যয় পরিহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নতুন সরকারের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এ ধরনের উদ্যোগ প্রশাসনে শৃঙ্খলা ও গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


