প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে সমন্বয় জোরদারের অংশ হিসেবেই এ বৈঠক হয়েছে।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রবেশের পর তিনি দিনের কর্মসূচি শুরু করেন। আজ ফ্যামিলি কার্ড ইস্যুতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সচিবালয়ের নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারেক রহমান। গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।


