বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন যশোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। জানা গেছে, বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যশোর-৩ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
পারিবারিক ও রাজনৈতিক পরিচয়
১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন অনিন্দ্য ইসলাম। তিনি প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম-এর ছেলে।
তিনি যশোর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি দলীয় ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়।
শিক্ষাজীবন
অনিন্দ্য ইসলাম ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি (অনার্স) এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি টিভি বিতর্ক প্রতিযোগিতায় ফজলুল হক হলের নেতৃত্ব দিয়েছিলেন।
পেশাগত ও সামাজিক সম্পৃক্ততা
তিনি ল্যাবস্কান মেডিকেল সার্ভিসেস লিমিটেড ও লোকসমাজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি যশোর মেডিসিন ব্যাংক, রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইনস্টিটিউট, বাংলা একাডেমি, যশোর প্রেস ক্লাব, যশোর চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।
মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি যশোরের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।


