স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদের সচিব পদে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। টানা চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে অবসর প্রদান করা হয়।
পরবর্তীতে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত অন্তবর্তীকালীন সরকার তাকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন তিনি দেশের প্রশাসনের শীর্ষ সমন্বয়কারী পদ—মন্ত্রিপরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও দীর্ঘ কর্মজীবনের আলোকে তার এই নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


