ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। নির্বাচনী এই সাফল্যে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেভি হেডকোয়ার্টার মসজিদ-এ যান তারেক রহমান। এ সময় তার বাসভবনের সামনে উৎসুক নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
নামাজে যাওয়ার আগে কিছু সময় গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। নিজেই গাড়ির দরজা খুলে কয়েকজনের পরিচয় জানতে চান তিনি। সমর্থকদের মধ্য থেকে অনেকে বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।”
জবাবে তারেক রহমান বলেন, “আমার প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
নির্বাচনে বিজয়ের পর এটি ছিল তারেক রহমানের প্রথম সরাসরি জনসম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


