জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে সরকার গঠন এখন নিশ্চিত। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়গুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
অন্যদিকে, এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফল ঘোষণার পর রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। শুক্রবার সেখানে নেতাকর্মীদের উপস্থিতি ছিল খুবই সীমিত—প্রায় নেতাকর্মীশূন্য পরিবেশ বিরাজ করে।
নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পর মধ্যরাত পর্যন্ত দলটির নেতাকর্মীরা কার্যালয়ে অবস্থান করলেও ফলাফল স্পষ্ট হওয়ার পর সেই সরব পরিবেশ আর দেখা যায়নি। বৃহস্পতিবার পর্যন্ত দলটির পক্ষ থেকে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করা হলেও চূড়ান্ত ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপিই সরকার গঠনের পথে এগিয়ে যায়।
তবে পরাজয়ের মধ্যেও জামায়াতের জন্য একটি ইতিবাচক দিক হলো—দলটি এ যাবৎ অংশ নেওয়া নির্বাচনের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক আসন পেতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবুও সরকার গঠনের প্রত্যাশা পূরণ হয়নি তাদের।
দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই সরাসরি ভেতরে প্রবেশ করেন।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠক শেষে নির্বাচনের ফলাফল ও পরবর্তী করণীয় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।


