১৩তম জাতীয় সংসদ নির্বাচন ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. সানাউল্লাহ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি বলেন, সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।
তিনি বলেন, “১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।”
ইসি সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল নির্মোহভাবে আইন প্রয়োগ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে কমিশন শতভাগ চেষ্টা করেছে। কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, “এ নির্বাচন শুধু সাংবিধানিক দায়িত্ব নয়, বরং একটি পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছি।”
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণ ঈদ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছেন। এতে সব ধরনের শঙ্কা দূর হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের সদস্য, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
শেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বাংলাদেশের গণতন্ত্র যেন কখনো নির্ধারিত রেলপথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও উন্নত ও দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব হয়।


