আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের কাজ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত নিরপেক্ষতা নিশ্চিত করা, ভোটারদের আস্থা ধরে রাখা এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়া থেকে রক্ষার জন্যই এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচনি দায়িত্বে পুলিশের বর্জনীয় কাজগুলো (সংক্ষেপে)
পুলিশ সদস্যরা নির্বাচনি দায়িত্ব পালনকালে—
- কোনো প্রার্থী, এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপঢৌকন বা সুবিধা নিতে পারবেন না।
- প্রার্থীর সঙ্গে ছবি তোলা, ঘনিষ্ঠতা বা ব্যক্তিগত আলাপ করা যাবে না।
- ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপ নিষিদ্ধ।
- প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না।
- কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে-বিপক্ষে ভোটারকে প্রভাবিত করা যাবে না।
- কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করা যাবে না।
- পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে লাঠিপেটা বা বলপ্রয়োগ করা যাবে না।
- কোনো রাজনৈতিক মিছিল বা কার্যালয়ে উপস্থিত থাকা যাবে না।
- রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ প্রকাশ করা যাবে না।
- গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ।
এছাড়া—
- নির্বাচনি আইনবিরোধী কোনো নির্দেশ পালন করা যাবে না।
- সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক পোস্ট, শেয়ার বা কমেন্ট নিষিদ্ধ।
- দায়িত্বকালে অপ্রয়োজনে মোবাইল ব্যবহার করা যাবে না; ভোটের দিন ব্যক্তিগত আলাপচারিতা সম্পূর্ণ নিষিদ্ধ।
- অনৈতিক আচরণ বা অসদাচরণ করা যাবে না।
সংবেদনশীল তথ্য ফাঁস করা যাবে না। - ভোটের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী নিয়ে আলোচনা করা যাবে না।
- অনুমতি ছাড়া স্পর্শকাতর ঘটনার ছবি/ভিডিও কারও কাছে পাঠানো যাবে না।
- উদ্দেশ্যহীনভাবে জড়ো হওয়া বা ঘোরাঘুরি করা যাবে না।
- ফুটপাত বা টং দোকানে বসা যাবে না; খোলা জায়গায় যত্রতত্র খাওয়াও নিষিদ্ধ।
এমনকি বাদাম, ভাপা পিঠা, চানাচুর, জিলাপি, বিস্কুট, কলা ইত্যাদি মুখরোচক খাবার খাওয়া, অশোভন পোশাক পরা বা অপেশাদার আচরণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং কোনো ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।


