Monday, February 23, 2026
No menu items!
Homeযশোরযশোরে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, গোডাউন সিলগালা

যশোরে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, গোডাউন সিলগালা

যশোর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৭টি সম্পূর্ণ নতুন আমেরিকান মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট গোডাউন সিলগালা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ।

অভিযানে শহরের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়ির একটি গোডাউন থেকে ৭৭টি নতুন মোটরসাইকেল জব্দ করা হয়। গোডাউনের মালিক হাফিজুর রহমান শিলু বৈধ রেজিস্ট্রেশন বা আমদানি সংক্রান্ত অনুমোদনের কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন।

অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন দিনের সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় পুনরায় অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ অভিযানে দেখা যায়, ‘আমেরিকান ইউএন’ কোম্পানির মোট ৭৭টি নতুন মোটরসাইকেল সেখানে মজুদ ছিল। মোটরসাইকেলগুলোর মালিক আবু সাঈদ সাবু অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি এবং তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ জানান, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments