যশোর-চৌগাছা সড়কের চান্দাআফ্রা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত সেনাসদস্যের মরদেহ সেনাবাহিনী নিয়ে গেছে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল-এ।
নিহত হুমায়ুন কবির রিপনের বাড়ি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামে। তিনি যশোর সেনানিবাস-এ কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন শুক্রবার বিকেলে সেনানিবাস থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চান্দাআফ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। তারা হলেন যশোর সদরের ভেকুটিয়ার হাসান (৪০) ও রাহুল (২০) এবং চৌগাছার রঘুনাথপুরের তুহিন (৩৫)।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেনানিবাসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


