প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা যশোর সফরে এসে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছান তিনি।
যশোর বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় প্রটোকলে যশোর সার্কিট হাউসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন, ব্যবসায়ী সমিতি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই শুভেচ্ছা বিনিময় চলে।
সংক্ষিপ্ত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরসহ সমগ্র দেশবাসীর প্রত্যাশা পূরণে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে যশোরবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
পরে তিনি যশোরের ঐতিহ্যবাহী কারবালা জামে মসজিদ-এ জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি তার পিতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর কবর জিয়ারত করেন।
প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে যশোরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে যশোরের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।


