পবিত্র রমজান মাসকে সামনে রেখে শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখতে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড় থেকে অভিযান শুরু হয়। পরে এমকে রোড হয়ে দড়াটানা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
চৌরাস্তা থেকে দড়াটানা: প্রথম দফায় উচ্ছেদ শতাধিক দোকান
অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন সাইনবোর্ড অপসারণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দফায় শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে।
তবে অভিযানের খবর আগেই ছড়িয়ে পড়ায় অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় তাদের দোকান সরিয়ে নেন।
দ্বিতীয় দফায় মুজিবসড়ক ও প্যারিস রোডে অভিযান
প্রথম দফা শেষে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় ধাপে দড়াটানা হয়ে মুজিবসড়ক ও প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। রমজানজুড়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।
“ফুটপাত দখল বরদাশত করা হবে না” — পৌর নির্বাহী কর্মকর্তা
অভিযানে নেতৃত্ব দেন পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। তিনি বলেন, “শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচলের পথ সুগম করাই এই অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও মেহেদী হাসান।


