যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে আব্দুল্লাহ (২৫) নামে এক পরিবহন সুপারভাইজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত আব্দুল্লাহ মাগুরা জেলার নান্দুয়ালী গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি যশোর-মাগুরা রুটে চলাচলকারী একটি লোকাল বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি আব্দুল্লাহ দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী মুজাহিদ (২৭) ক্ষুব্ধ ছিলেন। ঘটনার দিন সকালে আব্দুল্লাহ খাজুরা বাসস্ট্যান্ডে গাড়ির পাশে একা দাঁড়িয়ে ছিলেন। এ সময় মুজাহিদ হাতুড়ি নিয়ে এসে তার ওপর অতর্কিত হামলা চালান। তিনি আব্দুল্লাহর মাথায় হাতুড়ি দিয়ে একাধিক আঘাত করেন। এতে আব্দুল্লাহ গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহত অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


