ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আচরণবিধি মেনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ফলাফল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনী এলাকার সব ধরনের প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেন তিনি।
শনিবার তার নির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যশোর সদর এলাকায় ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের নেতৃত্বে পুরো কার্যক্রম পরিচালিত হয়।
অপসারিত প্রচারসামগ্রীগুলো পিকআপ ভ্যানে করে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে মোস্তফা আমির ফয়সাল বলেন,
“নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করা আমাদের নৈতিক দায়িত্ব। অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী এলাকার সব ধরনের প্রচারসামগ্রী আমরা সফলভাবে অপসারণ করেছি।”
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অনিন্দ্য ইসলাম অমিত বিপুল ভোটে জয়লাভ করেন। বিজয়ের পরও আচরণবিধির প্রতি তার এই সম্মান প্রদর্শন সাধারণ ভোটার ও স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা দেবে এবং ভবিষ্যতের নির্বাচনে অন্য প্রার্থীদের জন্যও উদাহরণ হয়ে থাকবে।:


