Sunday, February 15, 2026
No menu items!
Homeযশোরযশোরে বিএনপি নেতার পার্কিং করা ২ বাসে আগুন

যশোরে বিএনপি নেতার পার্কিং করা ২ বাসে আগুন

যশোর শহরতলীতে এক বিএনপি নেতার পার্কিং করা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের বাহাদুরপুর মেহগনিতলা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং অপরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

বাসের মালিক আবু বক্কার সিদ্দিক বেলাল নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সিনিয়র সদস্য। তিনি জানান, তার বাস দুটি যশোরের বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষ চুক্তিভিত্তিক ভাড়ায় পরিচালনা করতো। তবে প্রায় দুই মাস ধরে টেন্ডার না হওয়ায় বাস দুটি মেহগনিতলায় পার্কিং করে রাখা ছিল।

তিনি বলেন, শুক্রবার রাত প্রায় ১টার দিকে খবর পান যে তার পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি বাসে আগুন জ্বলছে। দ্রুত পাশের অপর বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। অপর বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেছেন বাস মালিক।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালি থানা-র ওসি ফারুক আহমেদ ও পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, পার্কিং করা বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত বাস মালিক থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments