যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি বাজার এলাকায় জামায়াত-শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে মোহাম্মদ বাবু (৪৫) নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ বাবু ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক। তিনি চারাবাড়ি গ্রামের বাসিন্দা।
আহত বাবু ও ফুলসারা ইউনিয়ন বিএনপির কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম জানান, বাবু মোটরসাইকেলে রায়নগর বাজারে গেলে সেখানে সংঘবদ্ধভাবে ৭-৮ জন হামলাকারী তার ওপর অতর্কিত আক্রমণ চালায়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কর্মী হওয়ার অভিযোগ তোলা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রায়নগর গ্রামের সাইফুল্লাহ (২৫) পেছন দিক থেকে বাবুর পিঠে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, বাবুর পিঠের ডান পাশে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আঘাতটি ভেতর পর্যন্ত জখম করেছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত বাবুর দাবি, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফলে ধানের শীষ ৬৭১ ভোট এবং দাঁড়িপাল্লা ৫৬১ ভোট পায়। এই ফলাফলকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে একজনকে ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


