যশোর সদর উপজেলার মধুগ্রামে র্যাবের বিশেষ অভিযানে একটি ওয়ান শুটারগানসহ একাধিক মামলার আসামি মারুফ হোসেন (২৭) আটক হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৬ ও সিপিসি-৩ যশোরের একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটক মারুফ মধুগ্রাম এলাকার হারুন অর রশিদের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র্যাব সদস্যরা মধুগ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে থাকা মারুফকে অবৈধ ওয়ান শুটারগানসহ হাতে-নাতে আটক করা হয়।
সূত্র আরও জানায়, মারুফ একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানিয়েছে, এলাকায় অস্ত্রবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


