চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর বার্তা দিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্ধারিত সময় সকাল ৯টার অফিসে ১২টায় গিয়ে দায়িত্ব পালন করার সংস্কৃতি আর চলবে না।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম বরদাশত করা হবে না। “এই মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। কারও চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করা হবে না। মানুষের কল্যাণই হবে আমাদের একমাত্র লক্ষ্য,”—যোগ করেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শুরু সাত দিনের মধ্যে
চিকিৎসকদের উপস্থিতি ও সেবার মান নিশ্চিত করতে আগামী সাত দিনের মধ্যে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন শুরু করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এক মাসের মধ্যে চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
জনবল সংকট যাচাই, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা
স্বাস্থ্যখাতে জনবল ঘাটতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে কোথায় কত জনবল প্রয়োজন তা যাচাই করা হবে। প্রয়োজন হলে বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আস্থাহীনতা দূর করে মানোন্নয়নের লক্ষ্য
দেশের স্বাস্থ্যখাত নিয়ে মানুষের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, চিকিৎসাসেবার মান উন্নত করতে পারলে মন্ত্রী-এমপি থেকে শুরু করে সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।
তিনি আরও বলেন, নিজের চিকিৎসার ক্ষেত্রেও দেশের ব্যবস্থার ওপর আস্থা রাখতে চান। “আমার কিছু হলে যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টাই করব। একেবারে জটিল ও দেশে চিকিৎসা নেই—এমন পরিস্থিতি ছাড়া বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না।”
৩১ দফা বাস্তবায়নে কাজের অঙ্গীকার
স্বাস্থ্যখাত নিয়ে ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে।


