শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ আর সহ্য করা হবে না। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, অতীতে মব সৃষ্টি করে অটো পাস নেওয়া, পরীক্ষা বন্ধ করা এবং ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
বদলি বাণিজ্য ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা ক্ষেত্রে কোনো ধরনের বদলি বাণিজ্য চলবে না এবং কোনো সিন্ডিকেটও থাকতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ধীরে ধীরে অ্যাপভিত্তিক করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে।
নকলমুক্ত শিক্ষা ব্যবস্থার প্রত্যাশা
মন্ত্রী দাবি করেন, শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে যাতে ভবিষ্যতে নকলবিরোধী অভিযান পরিচালনার প্রয়োজনই না পড়ে।
কারিকুলাম রিভিউ ও আধুনিকায়ন
এহসানুল হক মিলন জানান, দেশের শিক্ষা কারিকুলাম পর্যালোচনা (রিভিউ) করা হবে এবং শিক্ষা খাতকে আধুনিকায়নের মাধ্যমে যুগোপযোগী করা হবে।
ইংলিশ মিডিয়াম স্কুলেও সরকারি নিয়ন্ত্রণ
নতুন শিক্ষামন্ত্রী বলেন, দেশে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের লক্ষ্য একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা—এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


