পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর ২৫টি নির্ধারিত স্পটে পুরো রমজান মাসজুড়ে এ বিক্রয় কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান-এ সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে প্রোটিনের চাহিদা পূরণ ও পুষ্টিঘাটতি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এবার ১০ লাখ পরিবার কম দামে এসব পণ্য কিনতে পারবেন। রাজধানীর উত্তরা, আজিমপুর, মিরপুরসহ ২৫টি স্পটে ইতোমধ্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলবে পুরো রমজান মাসজুড়ে।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদফতর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিসিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
এছাড়া মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগে রমজান মাসে নিম্ন আয়ের পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


